কুষ্টিয়ার তেঁতুলবাড়ী সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৯ লাখ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ ও বিপুল পরিমাণ ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৪:৩৫ ঘটিকায় তেঁতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তেঁতুলবাড়ী হাটপাড়া স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেঁতুলবাড়ী বিওপির একটি চৌকস টহল দল হাটপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ এবং ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব ভারতীয় পণ্য ও মাদকের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৭ হাজার ৫০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




