মেহেরপুর প্রতিনিধি।।মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে রামিম নামের আট বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভিটাপাড়া এলাকায় মহাসিন হাজির পুকুরে এই দুর্ঘটনা ঘটে।নিহত রামিম উপজেলার গোপালনগর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রুহুল আমিনের ছেলে। সে স্থানীয় ‘আলিমুল কোরআন মাদ্রাসা’র দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। বর্তমানে তারা গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সবজি আড়ত পাড়ায় বসবাস করছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে রামিম ও তার বন্ধু সিয়াম মহসিন হাজির পুকুর পাড়ে একটি বাঁশের তৈরি চাটাইয়ের ওপর দাঁড়িয়ে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত রামিম পা পিছলে পানিতে পড়ে গভীর তলিয়ে যায়। তার বন্ধু সিয়াম দ্রুত দৌড়ে গিয়ে রামিমের পরিবারকে খবর দেয়।পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে পুকুর থেকে রামিমের অচেতন দেহ উদ্ধার করে। তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাসমেরী খাইরুন নাহার জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এদিকে, শিশু রামিমের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।




