নাছিম হাসান
মেহেরপুর প্রতিনিধি।।মেহেরপুরের গাংনীতে ভোররাতে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও নিরাপত্তাহীনতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অসুস্থ ভাইয়ের হাসপাতালে ভর্তির কারণে পরিবার যখন দুশ্চিন্তায় রাত কাটাচ্ছিল, ঠিক তখনই দুর্বৃত্তরা জানালা ও গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ঘুমন্ত এক তরুণীর গলা থেকে প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে গাংনী হাইস্কুল ফুটবল মাঠ সংলগ্ন একটি বাসায়। ভুক্তভোগী সাইরা মীম মিমপী দৈনিক সমাচার ও পশ্চিমাঞ্চলের সিঙ্গাপুর প্রতিনিধি মাজিদ আল মামুনের কন্যা।
মিমপী জানান, ভাইয়ের অসুস্থতার কারণে পুরো পরিবার মানসিকভাবে বিপর্যস্ত ছিল। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে তিনি অনুভব করেন কেউ তার গলা থেকে জোরে কিছু টেনে নিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে বুঝতে পারেন তার স্বর্ণের চেইনটি নেই। পরে ঘরের জানালা ও গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলেও দুর্বৃত্তদের কোনো সন্ধান মেলেনি।
একই সময়ে ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে একটি মোবাইল ফোন চুরি হয়েছে বলে ভবন মালিক জানিয়েছেন।
খবর পেয়ে গাংনী বাজার এলাকায় টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগী মিমপী জানিয়েছেন, তিনি এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি গাংনীতে মাদকাসক্তদের আনাগোনা বেড়েছে এবং অপরাধমূলক ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর আগেও মিমপীর গ্রামের বাড়ির মুদি দোকানে দু’দফা চুরির ঘটনা ঘটেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন।




