মেহেরপুর প্রতিনিধি ।।
মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে পুকুরের পানিতে ডুবে আরিশা খাতুন নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিশা তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী মাঠপাড়া গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির উঠানে ও আঙিনায় খেলাধুলার একপর্যায়ে পরিবারের সবার অগোচরে পাশে থাকা শফিকুল ইসলামের পুকুরে পড়ে যায় শিশু আরিশা। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তার দেহ ভেসে উঠতে দেখে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এক বাসিন্দা বলেন, ছোট্ট মেয়েটা বাড়ির পাশেই খেলছিল। হঠাৎ খেয়াল হারিয়ে কীভাবে যে পুকুরে পড়ে গেল কেউ টের পায়নি। আমরা টের পেয়েই পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ততক্ষণে সব শেষ।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহাবুবুর রহমান নয়ন জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। শ্বাসনালীতে পানি ঢুকে দম বন্ধ হয়েই মূলত এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের সদস্য বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। গ্রামীণ এলাকায় বর্ষা ও এর পরবর্তী সময়ে শিশুদের বিষয়ে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। একটু অসাবধানতার কারণেই একটি তাজা প্রাণ ঝরে গেল।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাসুদ রানা।। মেহেরপুর।। 01712574370




